বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) অস্ত্রের মুখে পাঁচ জেলেকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় কোস্টগার্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ধরে নেওয়া জেলেরা হলো— টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াস (৪১), তাঁর ছেলে মোহাম্মদ নুর হোসেন (১৮), আক্কাল আলী (২০), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) ও মোহাম্মদ নুর হোসেনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫)।

সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম জানান, তারা একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরতে যান। তখন আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পাশের নৌকায় থাকা অন্য জেলেরা মালিককে বিষয়টি জানায়।

শাহপরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি আবদুল গনি জানান, একই পরিবারের তিনজনসহ পাঁচ জেলে ইলিয়াসের মালিকানাধীন নৌকায় মাছ ধরতে গিয়েছিলেন এবং তাদের মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। জেলেদের স্বজনেরা কোস্টগার্ড ও বিজিবিকে খবর দিয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, তবে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো অভিযোগ পায়নি।

এর আগে ৫ আগস্ট নাফ নদীর জলসীমা থেকে দুই জেলেকে একইভাবে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের এখনও ফেরত দেওয়া হয়নি।

গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ২১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌকা ফেরত আনা হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।