খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫
জামালপুরে বাড়ির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় মুনছর আলী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের টেবিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনছর ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
নিহতের জামাতা মোহাম্মদ আলী জানান, তার শ্বশুর মৃত মুনছর আলীর বাড়ির ওপর দিয়ে পিছনের বাড়ির রুবেল জোরপূর্বক রাস্তা করার চেষ্টা করে। এতে মুনছর আলী বাধা দেয়। এর জের ধরে মঙ্গলবার রাতে সোহেল, উজ্জল, রুহুল, জাহেদুল, সালিম ও সাহেদ আলী দলবল নিয়ে রড, লাঠি নিয়ে মুনছর আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে মুনছর আলীকে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। নিহত মুনছর আলী তিন সন্তানের জনক।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো.ফয়সাল আতিক বলেন, এ ঘটনায় জামালপুর সদর থানায় নিহতের ছেলে বাদী একটি মামলা করেছেন। দোষীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
খবরওয়ালা/এসআর