সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আগ্রহী। এই আসনটি বর্তমানে ফাঁকা রেখেছে বিএনপি, এবং দল এখনো প্রার্থী ঘোষণা করেনি।
বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই বিএনপিতে যোগদান করেছি এবং প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। আমি অবশ্যই ধানের শীষ প্রতীকে আমার এলাকায় নির্বাচন করব। ২০১৮ সালের নির্বাচনে আমি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।’
তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানান।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া এবং সেখানে দলের সাধারণ সম্পাদক ছিলেন। ঐক্যফ্রন্টের ব্যানারে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণে তিনি রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যান। পরে গণঅধিকার পরিষদ দুটি গ্রুপে বিভক্ত হয় এবং রেজা কিবরিয়া আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন। এরপর তিনি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
খবরওয়ালা/টিএসএন



