খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫
বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরগুনার আমতলীতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির এবং আমতলী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপু।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর আমতলী শহরে বিএনপির একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাহাত নামের এক ব্যক্তি বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান এই ঘটনার বিষয়ে বলেন, ‘২০২৪ সালে বিএনপির মিছিলে হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছিল। ওই মামলায় গতরাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
খবরওয়ালা/শরিফ