খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশের লুটেরা বুর্জোয়া ধারার মেরূকরণের বাইরে বিকল্প ক্ষমতা কেন্দ্র গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
নেতারা বলেন, এ লক্ষ্যে বিপ্লবী ধারার শক্তিশালী গণসংগঠন গড়ে তুলতে হবে এবং মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শোষণ ও বৈষম্যবিরোধী গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের পথে অগ্রসর হতে হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের তৃতীয় দিনে এই আহ্বান জানানো হয়। এদিন দলের ঘোষণা ও কর্মসূচি অনুমোদন করা হয়। কংগ্রেসে ‘রাজনৈতিক প্রস্তাব’ উত্থাপন করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ এবং প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল ক্বাফী রতন।
প্রস্তাবে বলা হয়, লুটেরা শাসকশ্রেণিকে পরাভূত করে ছাত্র-শ্রমিক-কৃষক মধ্যবিত্তসহ ব্যাপক জনগণের অনুকূলে রাষ্ট্রক্ষমতার বদল এবং অর্থনৈতিক ও সামাজিক নীতিতে প্রগতিমুখী মৌলিক পরিবর্তন আনতে হবে। না হলে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। এ জন্য সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন প্রয়োজন। প্রস্তাবের ওপর সারাদেশের ৪৫ জন প্রতিনিধি আলোচনা করেন।
এদিন সন্ধ্যায় কংগ্রেসের মুখপাত্ররা সংবাদ ব্রিফিংয়ে কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। চার দিনের কংগ্রেসের শেষ দিনে দলীয় গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল, অডিট কমিটি ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট অনুমোদন করা হবে। এছাড়া শেষ অধিবেশনে কেন্দ্রীয় কমিটি, জাতীয় পরিষদ ও কন্ট্রোল কমিশনের নির্বাচন সম্পন্ন হবে এবং সমাপনী ভাষণ ও কমিউনিস্ট ইন্টারন্যাশনালের মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হবে।
খবরওয়ালা/আশ