বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) আবারও জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বৃহস্পতিবার (১৯ জুন) মেলবোর্নের এনইপি স্টুডিওতে অনুষ্ঠিত ড্রাফটে ১৩ নম্বরে ডাকে তাঁকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।

বিগ ব্যাশ লিগে সর্বশেষ মৌসুমেও রিশাদকে দলভুক্ত করেছিল হোবার্ট। তবে সেই মৌসুমে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে বিসিবি তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। ফলে খেলার সুযোগ হয়নি তাঁর। রিশাদ না খেললেও সেই মৌসুমেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় হোবার্ট, যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন।

আজকের ড্রাফটে আগ্রহের কেন্দ্রে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা; বিশেষ করে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ড্রাফটে তিনিই প্রথম ‘পিক’ হিসেবে নির্বাচিত হন। সব মিলিয়ে সাতজন পাকিস্তানি খেলোয়াড় জায়গা করে নিয়েছেন এবারের আসরে।

বিগ ব্যাশে এবারই প্রথমবারের মতো পুরো মৌসুম খেলবেন আফ্রিদি। কোনো দ্বিধা ছাড়াই তাই তাঁকে প্রথম ডাকে দলে টেনে নেয় ব্রিসবেন হিট। এই দলে আছেন স্পেনসার জনসন, মাইকেল নেসার, জাভিয়ের বার্টলেটরা।

হারিস রউফকে দলে রাখতে ‘রিটেনশন পিক’ ব্যবহার করতে হয় মেলবোর্ন স্টারসকে। তাঁকে দলে নিতে আগ্রহ দেখায় অ্যাডিলেড স্ট্রাইকার্স, তারা দ্বিতীয় পিকেই তাঁকে নিতে চেয়েছিল। কিন্তু মেলবোর্ন স্টার্স তাঁকে ছাড়েনি।

চতুর্থ পিকে মোহাম্মদ রিজওয়ানকে দলে টেনেছে মেলবোর্ন রেনেগেডস। যদিও দলটিতে আগেই উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে টিম সাইফার্টকে প্রিসাইনিং হিসেবে রাখা ছিল, তবু রিজওয়ানকে দলে নিয়েছে দলটি।

ড্রাফটে বাংলাদেশের মোট ১১ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়। তাঁদের মধ্যে একমাত্র রিশাদই দল পেয়েছেন। হোবার্ট ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদকেও দলে নিয়েছে।

বিগ ব্যাশে এবারের আসর শুরু ২১ ডিসেম্বর।

খবরওয়ালা/এসআর

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।