বিজয় দিবসে পতাকা হাতে স্কাই ডাইভে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ এবার গড়তে যাচ্ছে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। স্বাধীনতার ৫৪ বছর পূর্তির সম্মানে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে একসাথে প্যারাস্যুটিং করে বিশ্বের সর্বাধিক পতাকা হাতে স্কাই ডাইভের রেকর্ড স্থাপন করবেন। এই আয়োজন দেশের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে সম্পন্ন হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি গতকাল সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত করা হয়েছে। সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম সভাপতিত্ব করেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. এহছানুল হক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিজয় দিবস উদ্‌যাপনের জন্য ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে পৃথক ফ্লাই পাস্ট মহড়া এবং বিশেষ ব্যান্ড শোর আয়োজনের পরিকল্পনা নিশ্চিত করা হয়েছে। বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে আকাশে জাম্প করবেন। অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দেশের অন্যান্য শহরেও একই ধরনের ফ্লাই পাস্ট ও ব্যান্ড শো আয়োজন করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী তিন দিনব্যাপী বিজয়মেলার আয়োজন করবে। জেলা-উপজেলায় শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা হবে। সংস্কৃতি মন্ত্রণালয় ১৫ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অ্যাক্রোবেটিক শো ও সন্ধ্যায় যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ আয়োজন করবে।

১৬ ডিসেম্বর দেশের সব জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান পরিবেশন করা হবে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ অনুষ্ঠান হবে। হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু পুনর্বাসন কেন্দ্রগুলোতে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হবে।

উপদেষ্টা ফারুক–ই–আজম বলেন, “বিজয় দিবস বাংলাদেশের গৌরবময় দিন। এবার ধর্ম, বর্ণ, বয়স ও শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের মানুষ একত্রে বিজয়ের উৎসবে অংশ নেবে।” সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এই আয়োজন নতুন প্রজন্মের জন্য স্মরণীয় হবে এবং দেশের প্রতি ভালোবাসা জাগাবে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।