খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, যেকোনো বিপদ বা সংকটের মুহূর্তে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন। তিনি আরও মন্তব্য করেন যে, যেসব দায়িত্ব ড. ইউনূস নিজে নিতে চান না, সেগুলো অন্যদের কাঁধে চাপিয়ে দেওয়ার সময়ই তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে থাকেন। পান্না দাবি করেন, এর বাইরে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সারা বছর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
পান্না বলেন, ‘মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবিতে যখন ছাত্ররা ক্ষুব্ধ হয়ে উঠল, তখন দেখলাম ড. ইউনূসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসলেন।’
এছাড়াও তিনি উল্লেখ করেন, এর আগে ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করার বিষয়েও তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন। কিছুদিন আগে সেনাপ্রধান যখন ক্যান্টনমেন্টের করিডোর নিয়ে কথা বলেছিলেন এবং অন্যান্য নানা বিষয়ে আলোচনা করেছিলেন, তখনও ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন। একইভাবে, পদত্যাগ ইস্যুতেও তিনি একই পথ অবলম্বন করেছিলেন।
পান্না বলেন, ‘মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়ও আমরা দেখতে পেলাম একই রকম দৃশ্য। কাদেরকে ডাকা হয়েছিল? বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একদিকে সারা দেশে শোকের মাতম, অন্যদিকে বৈঠকের নামে প্রধান উপদেষ্টার হাস্যোজ্জ্বল ছবি ভাইরাল হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কেবলমাত্র চারটি দল কেন? যখন ড. ইউনূসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তখন তিনি রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তবে কেন শুধু চার দল? এনসিপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল নয়। সিপিবি কোথায়? বাসদ কোথায়? নাগরিক ঐক্য কোথায়? গণসংহতি কোথায়? এবি পার্টি কোথায়? এই ভদ্রলোকের অধীনে কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব? তাঁর পক্ষপাতিত্ব প্রতিটি পদে পদে প্রকাশ পাচ্ছে।’
খবরওয়ালা/আরডি