নারীর ছদ্মবেশে রোহিঙ্গা শিবিরে প্রবেশের চেষ্টা, পুলিশের তল্লাশিতে ধরা খেলেন যুবক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারীর ছদ্মবেশে প্রবেশের চেষ্টা করেন এক যুবক। মাথায় কালো হিজাব, গায়ে বোরকা, হাতে-পায়ে মোজা পরে এক নারীর মতো সেজে শিবিরে ঢোকার সময় তল্লাশিচৌকিতে পুলিশ তাকে সন্দেহ করে। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি একজন পুরুষ এবং শিবিরেরই রোহিঙ্গা বাসিন্দা।

বুধবার (২৩ জুলাই) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান চেকপোস্টে এ ঘটনা ঘটে। পুলিশের নজরদারি এড়িয়ে শিবির থেকে বের হয়ে আসা ওই ব্যক্তি ছদ্মবেশে আবার ফেরার চেষ্টা করলে ধরা পড়েন।

আটক ব্যক্তির নাম রশিদ আহমদ (২৭)। তিনি কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকার ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ফরিদ আহমেদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বোরকা পরিহিত ওই যুবকের চলাফেরায় সন্দেহ হলে চেকপোস্টে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশ্নের জবাবে স্বাভাবিকভাবে উত্তর দিতে না পারায় পুলিশ আরও তল্লাশি চালায়। একপর্যায়ে তার ছদ্মবেশ ফাঁস হয়ে যায় এবং পুলিশ তাকে আটক করে।

ওসি আরও জানায়, রশিদ আহমদ শিবির থেকে বাইরে গিয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শিবিরে ফেরার সময়ই এই ছদ্মবেশ ধারণ করেন তিনি। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।