বিমান আর ‘৬-০’ ইঙ্গিতে ভারতকে কী বোঝালেন রউফ

ভারত-পাকিস্তান ম্যাচ কেবল ব্যাট-বলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকে না। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচেও মাঠের বাইরে নানা কাণ্ড ছিল আলোচনায়। সুপার ফোরেও একই অবস্থা। মাঠের বাইরের কাণ্ডে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।

পাকিস্তানের ফিল্ডিংয়ের সময় হাতের ইশারায় ভারতকে যেন মনে করিয়ে দিয়েছেন ‘রাফাল দুঃস্বপ্নের’ কথা। ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন তিনি। সেখানে কিছু ভারতীয় সমর্থক গ্যালারি থেকে উসকানি দিচ্ছিল রউফকে।

সেই সমর্থকদের উসকানির জবাবে হারিস রউফ আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি বিমান উড়ছে এবং পরে ভেঙে পড়ছে। বিষয়টি যে পাকিস্তান বিমানবাহিনীর মে মাসের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ সম্পর্কিত তা বোঝাই যাচ্ছিল। সেই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান, যার মধ্যে বেশ কয়েকটি ছিল আবার ফরাসি রাফাল।

হারিস রউফের এমন কাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাকিস্তানি সমর্থকরা একে সাহসী, মজার এবং গৌরবের ইঙ্গিত হিসেবে দেখলেও পাক বোলারের এমন ভঙ্গিমায় ভারতীয় সমর্থকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।বিষয়টি ম্যাচ রেফারির কাছে পৌঁছালে শাস্তির মুখে পড়তে পারেন রউফ। জরিমানা থেকে শুরু করে নিষেধাজ্ঞাও আসতে পারে।

এর আগেও ম্যাচে রউফকে নিয়ে বিতর্ক হয়। বোলিংয়ে এসে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার সঙ্গে তর্কে জড়ান তিনি। আম্পায়ার হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। তবে এসব উসকানির মাঝেই ভারত শান্ত থাকে। অভিষেকের ঝোড়ো ৭৪ রানের ইনিংস, গিলের ৪৭ এবং পরে তিলক ভার্মা (৩০*) ও হার্দিক পান্ডিয়ার (৭*) ব্যাটে ভর করে ভারত ১৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয়।

এই ম্যাচ শেষেও আলোচনায় ছিল দুই দলের না হওয়া ‘হ্যান্ডশেক’। কোনো দলই এগিয়ে এসে হাত মেলাননি। প্রতিবারের মতো ম্যাচ-পরবর্তী করমর্দন না হওয়া নিয়ে আবারও সমালোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে খেলোয়াড়সুলভ মানসিকতার অভাব হিসেবে দেখছেন। আগামী ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।