শেরপুর সদর উপজেলার গাজির খামার চকপাড়া এলাকার বলেশ্বর বিলে শাপলা তুলতে গিয়ে ফাহিমা আক্তার নুন (৯) ও জেমি (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা ওই এলাকার মাসেক আলীর মেয়ে এবং জেমি একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকালে তারা দুজনে বাড়ির পাশের বিলে শাপলা তুলতে গিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে এলাকাবাসীর সহায়তায় বিলের মাঝখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে গভীর গর্তে পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/টিএসএন



