বিশ্বজুড়ে জল্পনা: পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হবেন? আলোচনায় যারা আছেন

পোপ ফ্রান্সিসের ৮৮ বছর বয়সে মৃত্যুর পর ক্যাথলিক বিশ্বে শুরু হয়েছে নতুন পোপ নির্বাচন নিয়ে চরম জল্পনা। ঐতিহ্যগতভাবে, কনক্লেভ শুরু হওয়ার আগে কাউকে “নিশ্চিত পোপ” বলে মনে করা বিপজ্জনক, কারণ ইতালীয় প্রবাদ বলে, ‘যে পোপ হয়ে কনক্লেভে প্রবেশ করে, সে কার্ডিনাল হয়েই ফিরে আসে’। 

তবুও, ভ্যাটিকানের অন্দরমহলে এবং বিশ্লেষকদের মধ্যে নয়জন কার্ডিনালের নাম ঘুরছে, যাদের বলা হচ্ছে ‘পাপাবিলি’, অর্থাৎ সম্ভাব্য পোপ প্রার্থী।

জেনে নেওয়া যাক এই নয়জন কে:

১. জঁ-মার্ক আভেলিন (ফ্রান্স, ৬৬)

মার্সেইয়ের আর্চবিশপ আভেলিন পোপ ফ্রান্সিসের নীতির ঘনিষ্ঠ। অভিবাসন ও আন্তঃধর্ম সংলাপ নিয়ে তার অবস্থান অত্যন্ত প্রগতিশীল। তবে ইতালীয় ভাষায় দুর্বলতা তার বড় বাধা হতে পারে।

২. পিটার এরদো (হাঙ্গেরি, ৭২)

রক্ষণশীল দৃষ্টিভঙ্গির হলেও কখনোই প্রকাশ্যে ফ্রান্সিসের বিরোধিতা করেননি। ইউরোপ ও আফ্রিকায় তার ভাল যোগাযোগ রয়েছে। স্নায়ুচাপের এই সময়ে তার মতো শান্ত-স্বভাবী নেতা কনক্লেভের পছন্দ হতে পারেন।

৩. মারিও গ্রেক (মাল্টা, ৬৮)

Synod of Bishops-এর (বিশপদের ধর্মসভা) প্রধান হিসেবে গির্জার অভ্যন্তরে সংস্কারের মুখ। এলজিবিটি (LGBT) অধিকার ও আধুনিক পরিবারের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রগতিশীলদের মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছে।

৪. হুয়ান হোসে ওমেলা (স্পেন, ৭৯)

সমাজসেবায় নিবেদিত এবং ফ্রান্সিসের আদর্শ অনুসারী। যৌন নিপীড়ন ইস্যুতে তার অবস্থান কিছু বিতর্ক তৈরি করলেও, তিনি বিনয়ী ও মানবিক এক নেতার প্রতিচ্ছবি।

৫. পিয়েত্রো পারোলিন (ইতালি, ৭০)

ভ্যাটিকানের ‘ডেপুটি পোপ’ হিসেবে পরিচিত এই সেক্রেটারি অফ স্টেট কূটনীতিতে দক্ষ। চীন ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করে আলোচনা-সক্ষমতা প্রমাণ করেছেন, তবে তার সীমিত পালকিয় অভিজ্ঞতা একটি দুর্বলতা।

৬. লুইস আন্তোনিও তাগলে (ফিলিপাইন, ৬৭)

‘এশিয়ান ফ্রান্সিস’ নামে পরিচিত তাগলে প্রথম এশিয়ান পোপ হতে পারেন। দয়ালু, সার্ভিসমুখী এবং বহুভাষাবিদ। তবে ক্যারিতাসের দুর্নীতির ঘটনায় নাম জড়ানো কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৭. জোসেফ টোবিন (যুক্তরাষ্ট্র, ৭২)

প্রথম মার্কিন পোপ হিসেবে তার সম্ভাবনা তুলনামূলক কম হলেও, এলজিবিটি (LGBT) মানুষের প্রতি সহানুভূতি ও যৌন কেলেঙ্কারির বিরুদ্ধে অবস্থান তাকে জনপ্রিয় করেছে। নিজেকে ‘রিকভারিং অ্যালকোহলিক’  হিসেবে পরিচয় দিয়ে খোলামেলা মানসিকতার প্রমাণ দিয়েছেন।

৮. পিটার টার্কসন (ঘানা, ৭৬)

আফ্রিকার প্রথম পোপ হতে পারেন তিনি। জলবায়ু পরিবর্তন ও সামাজিক ন্যায়ের প্রশ্নে তাঁর অবস্থান দৃঢ়। যদিও ২০২১ সালে পদত্যাগ ও অতিরিক্ত প্রচারের জন্য কিছু সমালোচনার মুখেও পড়েছেন।

৯. মাত্তেও মারিয়া জুপ্পি (ইতালি, ৬৯)

‘ইতালিয়ান বার্গোলিও’ নামে পরিচিত এই কার্ডিনাল জনসেবায় নিবেদিত, শান্তির দূত হিসেবেও খ্যাত। রাশিয়া-ইউক্রেন সংঘাতে পোপ ফ্রান্সিসের দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশ্বের ১২০ কোটি ক্যাথলিকের নেতৃত্ব কে দেবেন তা এখন নির্ধারণ করবে কনক্লেভের ১৩০-এর বেশি কার্ডিনালের গোপন ভোট। কেউই নিশ্চিতভাবে ফেভারিট নন, তবে এই নয়জনের নাম বারবার ঘুরে আসছে আলোচনায়। কে হবেন পরবর্তী পোপ — সেটি জানতে বিশ্ব তাকিয়ে আছে সিস্টিন চ্যাপেলের সাদা ধোঁয়ার অপেক্ষায়।

 

সূত্র: রয়টার্স

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।