খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমার প্রত্যাশা এবং সরকারের শাটডাউনের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির দুর্বলতার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) সকালে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি ৪,০১০ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের ঊর্ধ্বমুখী ধারা এখনও অব্যাহত রয়েছে। মূল কারণ হিসেবে তারা উল্লেখ করছেন—বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় এবং সুদের হার কমার সম্ভাবনা।
অন্যদিকে, শুক্রবার স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে আউন্স প্রতি ৪৮.৫৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৫৪৭.৪৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১,৩৮৪.১৮ ডলারে দাঁড়িয়েছে। তবে সপ্তাহের ভিত্তিতে এই তিনটি ধাতুর দাম নিম্নমুখী রূপেই রয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে সরকারি ও খুচরা খাতে চাকরি হারিয়েছেন অনেকে। ব্যয়সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে ছাঁটাইয়ের সংখ্যা বেড়েছে। দুর্বল চাকরির বাজার সাধারণত ফেডকে সুদের হার কমানোর দিকে উৎসাহিত করে।
বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, ডিসেম্বরেই ফেড রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশ, যা পূর্বে প্রায় ৬০ শতাংশ ছিল। গত সপ্তাহে ফেড সুদের হার কমিয়েছে এবং চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন—এটাই সম্ভবত এ বছরের শেষ হার হ্রাস।
এএনজেড ব্যাংকের পণ্য বিশ্লেষক সোনি কুমারি বলেন, “বর্তমানে বাজারের নজর মূলত ম্যাক্রোইকোনমিক সূচক এবং যুক্তরাষ্ট্রের সরকার কখন শাটডাউনের সমস্যা কাটিয়ে উঠবে সেদিকে। এই অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বাড়াচ্ছে।”
দীর্ঘস্থায়ী কংগ্রেসীয় অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারী শাটডাউন চলছে, যা বিনিয়োগকারীদের পাশাপাশি তথ্যনির্ভর ফেডকেও বেসরকারি খাতের সূচকের ওপর নির্ভর করতে বাধ্য করছে।