বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন দুই দিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার (২১ সেপ্টেম্বর) তফসিল ঘোষণা করেছে বিসিবি নির্বাচন কমিশন।
চলতি মাসের প্রথম সপ্তাহে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আজ প্রকাশিত হয়েছে নির্বাচনের পূর্ণ তফসিল।
বিসিবি নির্বাচনের তফসিল একনজরে
- ২২ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত: আপত্তি গ্রহণ
- ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত: আপত্তির শুনানি
- ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ২৬ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ
- ২৮ সেপ্টেম্বর: মনোনয়নপত্র দাখিল
- ২৯ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
- ৩০ সেপ্টেম্বর: আপিল ও শুনানি
- ১ অক্টোবর: প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ
- ৬ অক্টোবর: পোস্টাল ও ই-ব্যালট বিতরণ, নির্বাচন ও ফলাফল ঘোষণা
বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটে। বর্তমানে গঠনতন্ত্র অনুযায়ী ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে। বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে, আর বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। নির্বাচিত পরিচালকদের ভোটেই পরবর্তীতে নির্বাচিত হবেন বিসিবি সভাপতি।
এবারের নির্বাচনে নতুন মুখের পাশাপাশি হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরিচালক পদে লড়বেন, আর সভাপতির পদেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদও লড়াইয়ে নামতে পারেন বলে জানা গেছে।
খবরওয়ালা/এন



