মাদক সেবন, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি এবং সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭মে) সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। এ কারণে সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, চাঁদাবাজির অভিযোগে শাহরিয়ার সিকদারকে ডবলমুরিং থানা পুলিশ আটক করার পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে এবং বিভিন্ন সামাজিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বৈছাআ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন বলেন, “সংগঠনের ভাবমূর্তি ও আদর্শ রক্ষার স্বার্থে এ ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”



