ব্যালন ডি’অর জয়ী দেম্বেলেকে যে বার্তা দিলেন মেসি-এমবাপে

লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ব্যক্তিগত নৈপুণ্যে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়ে সাবেক ও বর্তমান সতীর্থদের কাছ থেকে শুভেচ্ছায় ভাসছেন তিনি। তালিকায় রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবং ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে।

সোমবার রাতে প্যারিসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর পুরস্কার ব্যালন ডি’অর ২০২৫। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এ কীর্তি গড়লেন। গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। ফরাসি সুপার কাপের ফাইনালেও একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন দেম্বেলে।

প্রথমে শুভেচ্ছা জানান তার জাতীয় দলের সতীর্থ এমবাপে। ব্যালন হাতে পাওয়ার কয়েক মিনিট পর ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘উসমান দেম্বেলে। খুবই রোমাঞ্চকর মুহূর্ত, আমার ভাই! তুমি এটা ১০০০ বার প্রাপ্য।’ এমবাপে নিজেও ব্যালনের দৌড়ে ছিলেন, তবে শেষ পর্যন্ত সপ্তম স্থানে থেকে থামতে হয়েছে তাকে।

বার্সেলোনায় দেম্বেলের সাবেক সতীর্থ মেসিও শুভেচ্ছা জানিয়েছেন। দেম্বেলের ইনস্টাগ্রাম পোস্টে তিনি কমেন্ট করেন, ‘গ্রেট উস..! অভিনন্দন, আমি তোমার এই অর্জনে খুশি। তুমি এটা প্রাপ্য ছিলে।’

পুরস্কার জয়ের পর দেম্বেলেও স্মরণ করেছেন বার্সেলোনা আর মেসিকে। তিনি বলেন, ‘আমি সেখানে অনেক কিছু শিখেছি, যেখানে মেসি ও ইনিয়েস্তার মতো তারকাদের সঙ্গে খেলেছি। এটি শেখার দারুণ অভিজ্ঞতা। আমি খুবই খুশি, যখন এই পুরস্কার পাওয়া কিংবদন্তিদের তালিকাটা দেখি।’

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেন দেম্বেলে। তবে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে ছিলেন না ইয়ামালও। ১৭ বছরের এই বার্সা তারকা মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন এবং শেষ পর্যন্ত ব্যালনের তালিকায় দ্বিতীয় হয়েছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।