ব্রহ্মপুত্রে নৌকাডুবির ঘটনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

ব্রক্ষপুত্র নদে নৌকাডুবির একদিন পর আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাগলা থানার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার  চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান।

নিখোঁজ দুই শিশু হলো- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার বাসিন্দা হাবিব মিয়ার ছেলে আবির (৬) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা দুজনেই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ছোট একটি নৌকায় ওঠে ৯ শিক্ষার্থী। ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজারসংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই ডুবে যায় নৌকাটি। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় তিন শিক্ষার্থী। তাদের মধ্যে মঙ্গলবার দুপুরে শাপলা আক্তারের (১৫) মরদেহটি ঘটনাস্থলের খানিকটা দূর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, ‘নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করা হয়েছে। গতকাল উদ্ধার হওয়া আরেকটি মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ উদ্ধার হওয়া দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।