ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার অনূর্ধ্ব-১৭ ফুটসালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে রোমাঞ্চকর ফাইনালে হারিয়ে টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ ফুটসাল সুদামেরিকানোর শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনার জুনিয়র দল। রোববার অনুষ্ঠিত নাটকীয় ফাইনাল লড়াইয়ে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে আলবিসেলেস্তেরা।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের সুমা স্টেডিয়ামে আয়োজিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ আধিপত্য দেখায় প্রতিযোগী দলগুলো। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। দু্ই ঐতিহ্যবাহী পরাশক্তির লড়াইয়ে প্রথম থেকেই বারুদ ঠাসা উত্তেজনা দেখা যায়। প্রথমার্ধের শেষদিকে আর্জেন্টিনার খেলোয়াড় জিয়ান সোনিয়েন প্রতিপক্ষের ফুটবলারের ওপর সহিংস আচরণের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন ফুটবলার কম নিয়ে দল যখন প্রচণ্ড চাপে, ঠিক তখনই আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো সানচেজ অসাধারণ কয়েকটি সেভ করে দলকে টুর্নামেন্টে টিকিয়ে রাখেন।
পরবর্তীতে আর্জেন্টিনা দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটি গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন তোমাস বারিওস এবং অধিনায়ক লরেনসো সামপেদ্রো। শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যেই জয় সুনিশ্চিত হয়। গ্যালারিতে বসে তরুণদের এই দুর্দান্ত লড়াই ও শিরোপা জয় উপভোগ করেন আর্জেন্টিনার জাতীয় সিনিয়র ফুটসাল দলের প্রধান কোচ মাতিয়াস লুকুইক্স।
এই জয়ের মধ্য দিয়ে বয়সভিত্তিক ফুটসালে নিজেদের আধিপত্য ধরে রাখার পাশাপাশি জোড়া প্রতিশোধও নিল আর্জেন্টিনা। টুর্নামেন্টের গ্রুপ পর্বের দেখায় এই ব্রাজিলের কাছেই ২-০ গোলে হেরেছিল তারা। তারও আগে বছরের শুরুতে পানামায় অনুষ্ঠিত জুভেনাইল প্যান আমেরিকান গেমসের ফাইনালেও ব্রাজিলের কাছে হার মানতে হয়েছিল আলবিসেলেস্তে তরুণদের। ফাইনালে এই জয়ে সেই দুটি হারের হিসাব একেবারে সুদে-আসলে কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিল দলটির উদীয়মান তারকারা।
দলটির ডাগআউটে মাস্টারমাইন্ড হিসেবে দায়িত্ব পালন করছেন সান্তিয়াগো বাসিলে। ২০১৬ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন বাসিলে। খেলোয়াড়ী জীবন শেষে এই বয়সভিত্তিক দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত যে তিনটি সুদামেরিকানো টুর্নামেন্টে তিনি ডাগআউটে ছিলেন, প্রতিটিতেই দলকে চ্যাম্পিয়ন করেছেন। বলা যায়, তাঁর হাত ধরেই ল্যাটিন ফুটসালে নতুন এক সোনালী অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটাচ্ছে আর্জেন্টিনার তরুণরা।
Tags :

Shakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর