ব্লাড ক্যান্সারে আক্রান্ত তরুণ ক্রিকেটার হৃদয় সাহায্যের আবেদন চলছে এখন
খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের প্রতিভাবান পেসার মেহেদী হাসান হৃদয় বর্তমানে রাজধানীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াইয়ে আছেন। চিকিৎসকেরা তার শরীরে উচ্চ ঝুঁকিপূর্ণ রক্তের ক্যান্সার শনাক্ত করেছেন, যা অস্থিমজ্জা ও রক্তের মারাত্মক ধরনের রোগ হিসেবে বিবেচিত।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর দেশের বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চললেও শুরুতে রোগ নির্ণয় স্পষ্ট হচ্ছিল না। পরে উন্নত পরীক্ষার জন্য নমুনা বিদেশে পাঠানো হলে সেখানে নিশ্চিত হয় যে তিনি উচ্চ ঝুঁকিপূর্ণ রক্তের ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তার কেমোথেরাপি চিকিৎসা চলছে এবং চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ফেনীর এই তরুণ ক্রিকেটার আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক ট্রায়ালে অংশ নিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নেন। কোচ রানা হাবিবের তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন এবং মাঠে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেন।
খুলনার বিপক্ষে একটি ম্যাচে একাই পাঁচটি উইকেট নিয়ে তিনি নির্বাচকদের দৃষ্টি কেড়েছিলেন। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, যথাযথ পরিচর্যা ও সুযোগ পেলে হৃদয় ভবিষ্যতে জাতীয় দলের সম্ভাবনাময় খেলোয়াড় হয়ে উঠতে পারতেন।
কিন্তু ক্যারিয়ারের এই উত্থানের মাঝেই হঠাৎ থেমে যায় সব। পরিবার জানিয়েছে, হৃদয়ের বাবা আবুল কাশেম দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগে ভুগছেন এবং কর্মক্ষম নন। পরিবারের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ছেলের চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে চিকিৎসার খরচ মেটাতে জমি বিক্রি করতে হয়েছে এবং পরিবারের সঞ্চয়ও শেষ হয়ে গেছে।
বর্তমানে হৃদয়ের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি হওয়ায় পরিবার গভীর সংকটে পড়েছে। এই অবস্থায় পরিবার ও শুভানুধ্যায়ীরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রীড়া সংগঠন, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন।
সমন্বয়কারীরা জানিয়েছেন, প্রয়োজনে চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র ও প্রতিবেদন যাচাইয়ের জন্য সরবরাহ করা হবে। হৃদয়ের পাশে দাঁড়ানোর জন্য সহায়তাকামীদের সাথে যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে।
এক প্রতিভাবান তরুণ ক্রিকেটারের জীবন বাঁচাতে এখন দরকার সবার সম্মিলিত সহায়তা ও মানবিক সহযোগিতা।