ভাড়া ফ্ল্যাটকে প্রধান কার্যালয় দেখিয়ে নিবন্ধনের আবেদন বিএসডিপির

সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি)। দলটির প্রধান কার্যালয় হিসেবে খুলনার যে ঠিকানা দেওয়া হয়েছে, সেটি একটি আবাসিক এলাকার আবাসিক ভবন। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে গিয়ে দেখা যায়, সেখানে দলীয় কোনো সাইনবোর্ড নেই। ভবনের নাম বা ঠিকানার কোনো ফলকও নেই।

নতুন দলটির চেয়ারম্যানের নাম ড. বিভূতি রায়। তিনি জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। তার বাড়ি খুলনার বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের খলশিবুনিয়ায়।

নির্বাচন কমিশনে বিএসডিপি যে ঠিকানা প্রধান কার্যালয় হিসেবে দিয়েছে, সেটি খুলনার নিরালার প্রান্তিকা আবাসিক এলাকায় অবস্থিত একটি চারতলা আবাসিক ভবন।

খোঁজ নিয়ে জানা যায়, ভবনটির দুই মালিকের একজন কামরুল ইসলাম। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

তিনি বলেন, ‘বিভূতি রায় আমার চারতলায় ভাড়া থাকেন। একটা ফ্ল্যাট নিয়ে থাকেন তিনি। উনি বেশির ভাগ সময় বটিয়াঘাটায় থাকেন। মাঝে মাঝে বাসায় আসেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান জার্মানিতে থাকেন। তিনি সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর জামাতা।’

বাড়ির একজন ভাড়াটে বলেন, মাঝেমধ্যে তিনি আসেন। একটা অ্যাম্বুলেন্সে করে আসেন। পার্কিংয়ে অ্যাম্বুলেন্স থাকলে বোঝেন তিনি এসেছেন। তবে তার সঙ্গে কোনো লোকজন তেমন আসতে দেখেননি। আর রাজনৈতিক দলের কোনো কিছু তো কোনো দিন চোখে পড়েনি।

নির্বাচন কমিশনে জমা পড়া বিএসডিপির আবেদন ফরমে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে মাহবুব সুমন নামের একজন ফোন ধরেন। তিনি নিজেকে দলটির জেনারেল সেক্রেটারি হিসেবে পরিচয় দেন। দলীয় কার্যালয় কোথায় জানতে চাইলে বলেন, ‘আমাদের অফিস খুলনার সোনাডাঙ্গায়।’ সোনাডাঙ্গার কোথায় জিজ্ঞাসা করলে বলেন, ‘সোনাডাঙ্গায় একটা আবাসিক আছে ওখানে। কোন আবাসিক আমার নাম মনে পড়ছে না, আমি তো ঢাকায় থাকি।’

প্রান্তিকা আবাসিক এলাকার কথা তুললে বলেন, ‘হ্যাঁ, ওটাই। আসলে নতুন পার্টি, অফিসে আমি বসিনি। ঈদের সময় খুলনায় গিয়ে ডকুমেন্টেশনের কাজ করে আসলাম।’

তিনি আরও দাবি করেন, তাদের ১৩ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি আছে। আর জেলায় কমিটি গঠনের কাজ চলছে।

গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দলের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে বিভূতি রায় বলেন, ‘দেশের জন্য কাজ করছি। দেশের জন্য আরও কাজ করতে চাই। আমাদের কিছু কথা আছে, এ জন্য রাজনৈতিক দলের নিবন্ধন চেয়েছি। আমাদের উদ্দেশ্য হলো সামাজিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটানো এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা। আমাদের জেলা-উপজেলায় এখনো কমিটি নেই। তবে কিছু মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছেন।’

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।