ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু

ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১২টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। রবিবার (৭ ডিসেম্বর) ভোরে স্থানীয় কর্মকর্তারা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, পিটিআইসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই নাইটক্লাবটি গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরার বাগা বিচ এলাকায় অবস্থিত। এ সমুদ্র সৈকত গোয়ার অন্যতম জনপ্রিয় স্থান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাইটক্লাবটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রবিবার ভোরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাজ্য পুলিশের কর্মকর্তাদের মতে, নিহতদের অধিকাংশ মরদেহ রান্নাঘর এবং এর আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা সবাই ক্লাবের কর্মচারী ছিলেন। এছাড়া কয়েকজন পর্যটকের মরদেহও উদ্ধার করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার জানান, আগুন মূলত প্রথম তলা এবং রান্নাঘরেই সীমাবদ্ধ ছিল। উদ্ধার হওয়া মরদেহগুলোর বেশিরভাগই ওই এলাকা থেকে। এতে বোঝা যায়, নিহতদের বড় অংশই ক্লাবের কর্মী ছিলেন।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া পর্যটকের সংখ্যা ৩ থেকে ৪ জন হতে পারে। তাঁদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেন, গোয়ার বাসিন্দাদের জন্য এটি অত্যন্ত দুঃখজনক দিন। যাঁরা তাদের স্বজন হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। এটি এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরও জানান, রাজ্য সরকার ইতোমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।