ভারত-পাকিস্তান সংঘাত: মৌলভীবাজার সীমান্তে ১৫ অনুপ্রবেশকারী আটক

ভারত-পাকিস্তান সংঘাতের পরপর ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজার সীমান্তে ১৫ জনকে আটক করেছে বিজিবি।

বুধবার (৭ মে) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল।

শীব নারায়ণ বলেন, বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন লোককে আটক করে। এর মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্রগ্রামসহ বিভিন্ন জেলায়।

তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘ পাঁচ বছর থেকে তারা ভারতের আসামে বসবাস করে আসছিল। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেয়।

তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে ‘পুশইন’ করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তারা বলতে পারেননি।

কমলগঞ্জ মাধবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য বীণা রানি দেব জানান, আটক লোকদের প্রথমে বিজিবি ক্যাম্প থেকে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে পরবর্তীতে তাদের আর থানায় যাওয়া হয়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বিভিন্ন মারফতে শুনেছি বিজিবি ১৫ জনকে আটক করেছে। তবে এখনো পর্যন্ত থানায় হস্তান্তর করেনি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল সেক্টরের ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।