ভাস্কোর কাছে নেইমারের সান্তোস ৬-০ গোলে উড়ে গেল

ব্রাজিলিয়ান সেরি আ-তে রবিবার রাতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ফিলিপে কুতিনহোর দুর্দান্ত জোড়া গোলে ভাস্কো দা গামা নেইমারের সান্তোসকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

সান্তোসের হয়ে নতুন চুক্তি করার পর নেইমারের জন্য এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। ম্যাচ শেষে চোখের জল আটকাতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। মাঠেই ক্লাবের এক কর্মকর্তার কাঁধে ভর করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

লুকাস পিতনের গোলে শুরুতেই এগিয়ে যায় ভাস্কো। এরপর দ্বিতীয়ার্ধে একে একে ডেভিড, রায়ান ও চে গোল করে ব্যবধান বাড়ান। আর শেষ পর্যন্ত সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা কুতিনহো আরো দুই গোল করে উৎসবের পরিপূর্ণতা দেন।

এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। তারা এখন সান্তোসের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ১৫তম স্থানে অবস্থান করছে।

হারের পর ভীষণ হতাশ নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ। সমর্থকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে, অবশ্যই সহিংসতা ছাড়া… কিন্তু তারা যদি গালি দেয় বা সমালোচনা করে, সেটাও তাদের অধিকার।’

তিনি আরো বলেন, ‘এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। দুর্ভাগ্যবশত হলো। কান্নাটা ছিল রাগ থেকে, সব কিছুর কারণে। আমি সবকিছুতে সাহায্য করতে পারি না। যাই হোক, এটা ছিল একেবারেই বাজে—এটাই বাস্তবতা।’

এই বিপর্যয়ের পরপরই সান্তোস বরখাস্ত করেছে প্রধান কোচ ক্লেবার জাভিয়েরকে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।