খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য (ভিসি) নিয়োগে ৮০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ’ নামের একটি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়ার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা।
পোস্টটিতে প্রশ্ন তোলা হয়, ‘এই টাকা নিলো কে? ভিসি নিয়োগে কে কে জড়িত? বাকৃবির ভিসি কি সমন্বয়কদের সহায়তায় নিয়োগপ্রাপ্ত?’ অভিযোগের তদন্তের দাবি জানানো হয় পোস্টে। একই সঙ্গে দাবি করা হয়, বর্তমান ভিসি বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং দলটির নেতাদেরকে ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্পের টেন্ডার দিচ্ছেন। এমনকি তাঁকে ‘ভবিষ্যৎ নির্বাচনে নমিনেশন পাওয়ার জন্য কাজ করছেন’ বলেও উল্লেখ করা হয়।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করছেন। কেউ কেউ অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ বিষয়টি তদন্তের দাবি করেছেন।
এ নিয়ে বাকৃবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আজিজুল হক আজিজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘আমাকে এইখানে টানলেন কেন? যারা অভিযোগ করেছেন, প্রমাণ দিক। আজগুবি মিথ্যা তথ্য দিয়ে কী বোঝাতে চান আপনারা? এসব প্রমাণ দিতে না পারলে মানুষও আপনাদের বিশ্বাস করবে না। যদি সত্যি হয়, তাহলে দুদকে মামলা করুন।’
অন্যদিকে ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কী পোস্ট হয়েছে, এখনো দেখি নাই। আমি কিছুই জানি না।’
ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান বলেন, ‘ভিসি নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ খুবই দুঃখজনক। এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে। আগেও আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে কোটি টাকা নিয়ে ভিসি নিয়োগের অভিযোগ ছিল। হতে পারে এটাই তার ধারাবাহিকতা। বিষয়টি তদন্ত হওয়া দরকার।’
এ বিষয়ে জানতে বাকৃবির ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলিমুজ্জামান বলেন, ‘ফেসবুকে এমন কোনো পোস্ট আমাদের নজরে আসেনি। তবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান ভিসি স্যার একজন সৎ এবং যোগ্য গবেষক। তার সততায়ই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।’ বিভ্রান্তিমূলক প্রচার থেকে সবার সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
খবরওয়ালা/এন