মগবাজারে চাপাতি হাতে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

মগবাজারে চাপাতি হাতে শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুটি চাপাতি, একটি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া সামগ্রীসহ তিন ছিনতাইকারীকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে। তিনজনের নাম-পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে।

ছিনতাইয়ের ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকেন। এসময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরবর্তী সময় ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করেন।

কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকেন।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী যুবক আব্দুল্লাহ বাদী হয়ে হাতিরঝিল থানায় গত ২৫ মে মামলা রুজু করেন।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।