মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে যুবককে কুপিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীর মগবাজারে প্রকাশ্য দিনে-দুপুরে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে তার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

ঘটনার সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদা রঙের একটি মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুজন তার পথরোধ করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ভুক্তভোগী বাধা দিলে মুখে মাস্ক পরা দুই ছিনতাইকারী চাপাতি বের করে তাকে কুপিয়ে আহত করে। আশপাশে থাকা কুকুরগুলো এসময় চিৎকার করতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসেনি।

পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালাতে চাইলে ভুক্তভোগী মোটরসাইকেলের সামনে গিয়ে চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এতে ছিনতাইকারীরা আরও ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে পুনরায় চাপাতি দিয়ে তাকে সজোরে কোপাতে থাকে। এরপর তারা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

রোববার (২৫ মে) রাতে এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তবুও ভুক্তভোগী এবং অভিযুক্তদের শনাক্তে আমরা কাজ করছি। শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।