মতিঝিলে আজও অবস্থান করছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় ঘিরে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পৃথক অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিলকুশার ইসলামী ব্যাংক টাওয়ার এবং শাপলা চত্বর এলাকায় নিজ নিজ দাবিতে অবস্থান নেন দুই পক্ষের আন্দোলনকারীরা।

দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নিয়ে সচেতন গ্রাহক ফোরামের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন। ব্যাংকের আর্থিক অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ ক্ষেত্রে এস আলম গ্রুপের সংশ্লিষ্টতার অভিযোগও তুলে ধরেন ফোরামের নেতারা।

ফোরাম সূত্রে জানা যায়, ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তাদের অবস্থান কর্মসূচি টানা পাঁচ দিন ধরে চলছে। ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিত করা, পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবিতে তারা কর্মসূচি পালন করছেন।

অন্যদিকে, শাপলা চত্বর এলাকায় অবস্থান নেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। ‘দফা এক, দাবি এক—চাকরি ফেরত চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা জানান, চট্টগ্রামের পটিয়া থেকেও শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন।

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তারা স্মারকলিপি দিয়েছেন। তবে এখন পর্যন্ত গভর্নরের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। তাদের সঙ্গে আলোচনা না হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া যখন শেষ পর্যায়ে, তখন ব্যাংককে অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে। তার দাবি, এর অংশ হিসেবে একটি চক্র ব্যাংকের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে গ্রাহকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। গ্রাহকদের স্বার্থে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

ফোরামের সচিব মুতাসিম বিল্লাহ বলেন, ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন। পাশাপাশি এস আলম গ্রুপের বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ থাকা সম্পদ উদ্ধারের উদ্যোগ, অবৈধ ঋণ সুবিধা সমন্বয় এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

তবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবির বিষয়ে আপত্তি জানিয়েছেন মুতাসিম বিল্লাহ। তার অভিযোগ, এস আলমের সময়ে অনেককে যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করেই ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাদের চাকরিতে রাখার সুযোগ তৈরি করতে পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষায় অংশ নেওয়া অনেকেই বর্তমানে ব্যাংকে কর্মরত রয়েছেন বলে দাবি করেন তিনি। অন্যদিকে আন্দোলনকারীদের অনেকে সেই পরীক্ষায় অংশ নেননি বলেও জানান তিনি।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা মিজান। তার ভাষ্য, পরীক্ষা বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ায় অনেকেই পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষায় অংশ নেওয়া সবাই চাকরিতে বহাল রয়েছেন—এমন দাবিও সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মিজান।

চাকরিচ্যুত কর্মকর্তা আনোয়ারের অভিযোগ, কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন বেকার থাকায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে বলে দাবি করেন তিনি। চাকরিতে পুনর্বহালের পাশাপাশি প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ারও দাবি জানান আনোয়ার।

অন্য আন্দোলনকারী আশরাফ বলেন, চাকরি হারানোর পর পরিবার নিয়ে তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

এদিকে, গ্রাহক ফোরামের পক্ষ থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঋণ বিতরণ ও বিভিন্ন অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আন্দোলনরত চাকরিচ্যুতদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফলে ইসলামী ব্যাংককে ঘিরে একদিকে গ্রাহকদের আর্থিক অনিয়ম ও ব্যাংকের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ, অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবি—দুটি পৃথক ইস্যুতে মতিঝিলে কর্মসূচি অব্যাহত রয়েছে। উভয় পক্ষই নিজেদের দাবিতে অনড় থাকায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনার দাবি আরও জোরালো হচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।