মধ্যরাতে সাবেক আইনমন্ত্রীর মুক্তির দাবিতে পোস্টার

খবরওয়ালা মফস্বল ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে  পোস্টারে ছেয়ে গেছে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায়। এসব পোস্টারের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার ও স্থলবন্দর এলাকার বিভিন্ন দোকানের দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে চার রঙা পোস্টার সাঁটানো হয়। শনিবার সকালে স্থানীয়রা  বিভিন্ন স্থানে পোস্টারগুলো দেখতে পান।

পোস্টারগুলোতে লেখা রয়েছে, ‘মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে আপসহীন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই।’

পোস্টারগুলোর নিচে লেখা রয়েছে— সৌজন্যে: কসবা-আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।  

পোস্টার লাগানোর ঘটনায় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আল-আমীন ভূঁইয়া বলেন, ‘থানা পুলিশ নির্বিকার অথচ ‘অপারেশন ডেভিল হান্ট’-এর নামে কিছু চুনোপুঁটি ধরে দায় মুক্তি পেতে চাইছে। প্রশাসনের উদাসীন মনোভাব কিংবা ম্যানেজ হয়ে যাওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে।’

উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া জানান, ‘রাতের আঁধারে যারা এ কাজটি করেছে, আমরা প্রশাসনের সহযোগিতায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি।’

আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া বলেন, ‘সকালে পোস্টার লাগানোর বিষয়টি জানতে পারি। যারা এই কাজ করেছে, তাদের খোঁজ নেওয়া হচ্ছে। এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ বলে আমাদের ধারণা।’  

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন জানান, ‘পোস্টার লাগানোর বিষয়টি তদন্ত করা হচ্ছে। কাজটি যারা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।’

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।