মহানবীকে কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে সড়ক অবরোধ, সেনাবাহিনী মোতায়েন

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর তেজগাঁও এলাকা। কোহিনূর কেমিক্যাল কোং লিমিটেডের কসমেটিকস বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা তেজগাঁওয়ের তিব্বত এলাকায় শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউয়ে সড়ক অবরোধ করেন।

এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট দেখা দেয়। উত্তরা-কাকলী-বনানী হয়ে মহাখালী-তেজগাঁওগামী ও বিপরীতমুখী রুটে যান চলাচল বিঘ্নিত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, ‘এক কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের শান্ত করতে চেষ্টা করছে।’

এ পরিস্থিতি মোকাবিলায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ছাড়াও ডিএমপির অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ বিকল্প পথ হিসেবে আমতলী-মহাখালী রেল ক্রসিং হয়ে জাহাঙ্গীর গেইট এবং আমতলী-গুলশান ১ হয়ে পুলিশ প্লাজা-শান্তা টাওয়ার রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, মহাখালী থেকে উত্তরা-বনানী রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।