খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫
বরিশাল-ভোলা মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় এসিডদগ্ধ এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নারীর গর্ভধারণের বয়স প্রায় তিন মাস বলে জানা গেছে।
রবিবার (২৯ জুন) ভোরে বরিশাল মহানগরের বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন।
পুলিশ জানায়, ভোরে এলাকার কিছু ব্যবসায়ী দোকান খুলতে যাওয়ার সময় মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় নারীর নিস্তেজ দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।
পরিদর্শক দেলোয়ার বলেন, ‘ওই নারী এসিডদগ্ধ এবং অচেতন অবস্থায় আছেন। বর্তমানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা কিছুটা জটিল হওয়ায় বিস্তারিত তথ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
শেবাচিম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরাও জানান, আহত নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সার্বিক বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি পরিকল্পিত সহিংসতার ঘটনা হতে পারে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
খবরওয়ালা/আরডি