খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা মফস্বল ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিএমচর ইউনিয়নের নদীর কন্যারকুম পয়েন্ট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ইদ্রিস।
মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
নিহত যুবকের নাম মো. হাসান মুরাদ মানিক(২৫)। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম নয়াপাড়ার জসিম উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত হাসান দীর্ঘ চার বছর ধরে প্রবাসে ছিলেন। এরপর দেশে চলে আসেন বছরখানেক আগে। তবে কারো সঙ্গে তার কোনো শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পরিবার।
চকরিয়া থানার মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ইদ্রিস জানান, সন্ধ্যার দিকে নদীতে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরওয়ালা/টিএ