মিছিল থেকে গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রীসহ তিনজন রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী চৌধুরীসহ ৩ জনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অপর দুজন হলেন— মো. রাজু আহমেদ ও মো. সিরাজুল ইসলাম।

শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হলে স্থানীয়রা ধাওয়া করে  তিন জনকে আটক করে পুলিশে দেয়। পরে ৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার ‘মানি না, মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া আরও উসকানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি জানায়। স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে তারা সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।