খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশা চালকরা মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এই নির্দেশনার আওতায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিললে চালককে অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাদণ্ড, কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক নির্দেশনা থেকে বিষয়টি জানা গেছে। এ সংক্রান্ত চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে পাঠানো হয়েছে।
বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, সড়ক পরিবহণ আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনো গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ৬ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধানও রয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
খবরওয়ালা/আরডি