মিরাজকে ছাড়াই এশিয়া কাপে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন নুরুল

এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পাননি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে প্রায় তিন বছর পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক–ব্যাটসম্যান নুরুল হাসান। একই সঙ্গে ফিরেছেন ব্যাটসম্যান সাইফ হাসানও।

পারিবারিক কারণে আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়া মিরাজ এশিয়া কাপের মূল দলেও নেই। তাঁকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

নুরুল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে। সাইফের অভিষেক হয়েছিল ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে। এখন পর্যন্ত তিনি খেলেছেন ৫টি টি–টোয়েন্টি। সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন এই ব্যাটসম্যান।

বর্তমানে দুজনেই অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টপ এন্ড টি–টোয়েন্টি খেলছেন। সেখানে নুরুল করেছেন ৫ ম্যাচে ১০৯ রান (স্ট্রাইক রেট ১১৭.২০), আর সাইফের সংগ্রহ ১৩০ রান (স্ট্রাইক রেট ১৩০), যার মধ্যে রয়েছে একটি হাফ সেঞ্চুরি।

স্ট্যান্ডবাই তালিকায় মিরাজ ছাড়াও আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তান।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।