মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম মারা গেছেন

মিশরের প্রখ্যাত আলেম, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদ হাইয়াতু কিবারিল উলামা বিল আজহারিশ শরিফ-এর সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরের আগে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।

তার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘আমরা আরব ও মুসলিম বিশ্ব, তার প্রিয়জন ও শিক্ষার্থীদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় ইমাম ও সম্মানিত ব্যক্তিত্ব ড. আহমদ ওমর হাশিম ইন্তেকাল করেছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে উত্তম ঘর, উত্তম পরিবার দান করেন এবং জান্নাতকে তার আবাস বানান, আমাদের সবাইকে ধৈর্য ও সওয়াব লাভের তৌফিক দেন।’

ড. আহমদ ওমর হাশেম ১৯৪১ সালের ৬ ফেব্রুয়ারি মিশরের আল-শারকিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ‘উসূল আদ-দীন’ (ধর্মতত্ত্ব) অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করে ১৯৬৭ সালে হাদিস ও উলূমুল হাদিসে উচ্চতর ডিগ্রি এবং ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে একই বিষয়ে তিনি ডক্টরেট লাভ করেন।

তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আরব ও ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। পাশাপাশি তিনি ইসলামি গবেষণা পরিষদ (মাজমাউল বুহুসিল ইসলামিয়্যাহ), ইসলাম বিষয়ক উচ্চতর পরিষদ (আল-মজলিসুল আ’লা লিশ-শুউনিল ইসলামিয়্যাহ) এবং মিশরের সংসদের দুই পরিষদ—মজলিসুশ-শা’ব ও মজলিসুশ-শুরা-র সদস্য ছিলেন।

সুন্নাহ ও হাদিসশাস্ত্রে তার বিস্তৃত গবেষণা ও রচনার মাধ্যমে তিনি ইসলামি জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করেছেন। তিনি মিশরসহ বিশ্বের বিভিন্ন ইসলামি সম্মেলনে অংশগ্রহণ ও প্রবন্ধ উপস্থাপন করেন। আন্তর্জাতিক জার্নালগুলোতেও তার বহু গবেষণা প্রকাশিত হয়।

২০১২ সালে (১৪৩৩ হিজরি) মিশরের হাইয়াতু কিবারিল উলামা বা জ্যেষ্ঠ আলেম পরিষদ পুনঃপ্রতিষ্ঠা করা হলে প্রথম দফায়ই তিনি এর সদস্য হিসেবে মনোনীত হন।

 

সূত্র: আল ইয়াওমুস-সাবে

 

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।