মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ইবি ছাত্রদলের

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জড়ো হন শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। তারা মুখে কালো কাপড় বেঁধে চলমান নিপীড়ন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘একজন মুসলমান হয়ে আমরা ফিলিস্তিনে চলমান নির্মম হত্যাযজ্ঞ মেনে নিতে পারি না। যেখানে শিশুদের স্কুলে যাওয়ার কথা, সুন্দর জীবন কাটানোর কথা, সেখানে তারা আজ মৃত্যুর মুখোমুখি। প্রতিবাদের পাশাপাশি ওআইসির মাধ্যমে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার ও ফাঁসি নিশ্চিত করতে হবে।’

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘বিশ্বের ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় এবং যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত করে। ইসরায়েলকে বয়কট করুন—ফ্রি ফিলিস্তিন, সেভ ফিলিস্তিন এখন সময়ের দাবি।’

সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতা দিন দিন বেড়েই চলেছে। এই মুসলিম ভাই-বোনদের কান্নায় গাজার ও রাফার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। চিকিৎসা, খাদ্য ও পানির অভাবে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমরা চাই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াক।’

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘গাজা ও রাফায় শিশু ও সাধারণ মানুষের ওপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চলছে। এটি এখন মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের নেতাদের বলব—আপনারা শুধু বক্তৃতা নয়, বাস্তবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। না হলে কিয়ামতের দিনে আপনাদের জবাবদিহি করতে হবে।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।