মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচঘড়িয়া কান্দি এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে বাবু মিজি (৩৬) নামে এক যুবদল কর্মীকে বোমা ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মুন্সীগঞ্জ-মুন্সীরহাট সড়কের নতুন ব্রিজের ঢালে এই ঘটনা ঘটে।
পরে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর বাবু মিজিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া বাবু মিজি চরকেওয়ার ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মনির মিজির ছেলে ও সদর উপজেলা যুবদলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফিরোজ কবির জানান, পুলিশের অস্থায়ী চেকপোস্টের কাছে বাবু মিজি তার দুই সহযোগীকে নিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। চালকের চিৎকারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবুকে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশি করে একটি ধারালো ছোঁড়া, চারটি হাতবোমা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘ঘটনার পর বাবু মিজিসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
খবরওয়ালা/আরডি



