মুহূর্তেই ছাই যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় বহু হতাহত আশঙ্কা

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেট যাত্রীবাহী ভলভো বাস মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘কাবেরি ট্রাভেলস’-এর একটি এসি ভলভো বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত প্যাটেল এনডিটিভিকে জানান, “এটি একটি এয়ারকন্ডিশন বাস ছিল, ফলে আগুন লাগার পর ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। যাত্রীরা দরজা খুলে বের হতে পারেননি; যারা জানালার কাচ ভেঙে বের হতে পেরেছেন, তারাই প্রাণে বেঁচেছেন।”

তিনি আরও জানান, বাসটিতে দুই চালকসহ মোট ৪০ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, তবে মৃতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৪ অক্টোবর রাজস্থানের থাইয়াত গ্রামে জয়সালমের-যোধপুরগামী একটি বাসে আগুন ধরে ২২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনটি শিশুও ছিল। তদন্তে ধারণা করা হয়, ওই দুর্ঘটনাটিও বাসের এয়ারকন্ডিশন ইউনিটে শর্ট সার্কিট ও গ্যাস লিকেজ থেকেই ঘটেছিল।

— এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।