মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি–এর শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৫ হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। সভায় অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, জন্নাতুল ফেরদৌস, মো. জাহিদ আনোয়ার খান, মো. মাইন উদ্দিন, দিলরুবা শারমিন এবং সবিতা ফেরদৌস। এছাড়া ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এনামুল হক খান এসিএসসহ কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা এজিএমে অংশগ্রহণ করেন। সভার পুরো কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব এনামুল হক খান।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাববছরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স মোট ২৮২ কোটি ৬৬ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে। একই সময়ে কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১,৭৬৫ কোটি ৬৬ লাখ টাকায়। বিমাক্রাহকদের সুরক্ষায় সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি বছরজুড়ে মোট ২৮৬ কোটি ৭৮ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) অর্জিত হয়েছে ১.৭২ টাকা।
সভায় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে প্রযুক্তিনির্ভর এবং পলিসিহোল্ডার-বান্ধব পদক্ষেপ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিমা খাতকে আরও আধুনিক ও গতিশীল করতে ডিজিটালাইজেশনের ওপর জোর দেন তিনি।
সভাপতির বক্তব্যে নিজাম উদ্দিন আহমেদ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে কোম্পানির শেয়ারহোল্ডার, বিমা গ্রাহক, পরিচালক পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

