মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

যাত্রীদের সুবিধার্থে রাজধানীর মেট্রোরেল চলাচলের সময় বৃদ্ধি করা হয়েছে। ডিএমটিসিএল জানিয়েছে, আগামী রবিবার (১৯ অক্টোবর) থেকে মতিঝিল এবং উত্তরা-উত্তর প্রান্ত থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি সময় চলবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমটিসিএল-এর প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমাগতভাবে যাত্রীসেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে এবং সম্মানিত যাত্রীসাধারণের সুবিধার্থে আগামী রবিবার হতে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন ও মতিঝিল মেট্রো রেল স্টেশন উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে। পূর্বে এটি ছেড়ে যেত সকাল ৭টা ১০ মিনিটে। এছাড়া উত্তরা-উত্তর থেকে সবশেষ মেট্রোরেল ছেড়ে যেত রাত ৯টায়, যা নতুন সময়সূচিতে রাত সাড়ে ৯টায় পরিবর্তিত হয়েছে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে দিনের প্রথম মেট্রোরেল ছেড়ে যেত সকাল সাড়ে ৭টায়। নতুন সময়সূচি অনুযায়ী এটি ছেড়ে যাবে সকাল সোয়া ৭টায়। পূর্বে রাত সাড়ে ৯টায় মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়ত, যা নতুন সময়সূচিতে রাত ১০টা ১০ মিনিটে নির্ধারণ করা হয়েছে।

এদিকে, শুক্রবারের মেট্রোরেল চলাচলের সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। উত্তরা থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছেড়ে যাবে বিকেল ৩টায় এবং সবশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছেড়ে যাবে বিকেল ৩টা ২০ মিনিটে এবং সবশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টা ৪০ মিনিটে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।