মেহেরপুরে আবারও ইসলামী ব্যাংকের ভল্ট কেটে টাকা চুরি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পর এবার গাংনী উপজেলার বামন্দীতে ইসলামী ব্যাংকের আরেকটি এজেন্ট শাখায় গ্রিল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। 

ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মার্চ) সকালে অফিস সহকারী শাহাদত হোসেন ব্যাংকের দরজা খুলে দেখেন ব্যাংকের জানালার গ্রিল কাটা। পরে ভিতরে প্রবেশ করে দেখেন চোরেরা ভল্টে থাকা ৮ লাখ ১০ হাজার টাকা ও ব্যাংকের সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে চলে গেছে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল বলেন, আজ সকাল ৯টায় অফিস সহকারী আমাকে ফোন দিয়ে জানায় দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে। ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রাখা ছিল। পরে সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে গিয়ে দেখি সিসি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে গেছে চোরের দল।

তিনি আরও বলেন, বাজারে নাইট গার্ড রয়েছে। তবে ব্যাংকের নিজস্ব কোনো নাইট গার্ড নেই।

গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, রাতে চোরেরা ব্যাংকটির তিন তলার পিছন সাইডের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা ভোল্টে থাকা টাকা নিয়ে যায়। ঘটনার পর পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে থানায় নিয়েছে। এছাড়াও থানা পুলিশ, ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের ধরতে মাঠে কাজ শুরু করেছে।

প্রসঙ্গত, চলতি বছরই মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে একই ধরনের চুরির ঘটনা ঘটে। তখন সেখানে ভল্টে থাকা ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে গিয়েছিল চোরেরা। আর সেই চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় চলতি বছরে জেলায় ইসলামি ব্যাংক এজেন্ট শাখায় দ্বিতীয়বারের মত চুরির ঘটনা ঘটল।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।