মোহাম্মদপুরের সমালোচিত ওসিকে বদলির ঘটনায় এলাকাবাসীর মিষ্টি বিতরণ

রাজধানীর মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। এ ঘটনায় খুশি প্রকাশ করে স্থানীয়রা থানার ভেতর ও বাইরে মিষ্টি বিতরণ করেছেন।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার সামনে এলাকাবাসী জড়ো হয়ে ওসিকে বদলির খুশিতে মিষ্টি বিতরণ করেন। এ সময় তারা থানার ভেতরে ঢুকে সাবেক ওসিকেও মিষ্টি খাওয়ান।

স্থানীয় বাসিন্দা পারভেজ হোসেন সুমন বলেন, ‘আমরা আজ মিষ্টি বিতরণ করেছি। আমরা একটি ফ্যাসিবাদ থেকে বের হয়ে এসেছি, একটা দুষ্টু ওসির কবল থেকে মোহাম্মদপুর রক্ষা পেয়েছে। ভবিষ্যতে যেন মোহাম্মদপুরে কোনো পুলিশ প্রশাসন অপতৎপরতা না করতে পারে এবং মোহাম্মদপুর এলাকা পুলিশের সহায়তায় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে না উঠতে পারে। এজন্য আমরা স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ করেছি।’

অন্য এক বাসিন্দা ইসমাইল মিয়া বলেন, ‘আমরা একটা দুষ্টু চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা রাখে এমন একজন ওসিকে বদলি করায় এলাকাজুড়ে মিষ্টি বিতরণ করেছি। সাবেক ওসি আলী ইফতেখার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও কিশোর গ্যাং চক্রের সদস্যদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখত। যা মোহাম্মদপুরকে একটি সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে। তাকে মোহাম্মদপুর থেকে বদলি করায় আমরা সাধারণ বাসিন্দারা সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমরা আগে বেশ কয়েকবার ওসিকে বদলি করার জন্য মানববন্ধন ও র‍্যালি করেছি, তখন কর্তৃপক্ষের টনক নড়েনি।’

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাবেক ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে এখন পর্যন্ত ৩৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১০ লাখ টাকার হেরোইন গায়েবের অভিযোগ নিয়ে ডিএমপি সদর দপ্তরের একটি তদন্ত কমিটি এবং তেজগাঁও বিভাগের তদন্ত কমিটি কাজ করছে। চলতি সপ্তাহেই সদর দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।