রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে রনি খান (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পারটেক্স গলি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দাঁতভাঙা সোহাগ গ্রুপের সদস্যরা রনিকে কুপিয়ে তার বাম পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রনি ‘পিচ্চি আবির গ্রুপের’ অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মামলা রয়েছে। তবে তার বড় ভাই দাবি করেছেন, রনি এখন ভালো পথে ফিরে চাকরি করছিলেন।
মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, সংঘর্ষে সোহাগ ও রিপনসহ ১৫-১৬ জন অংশ নেয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
খবরওয়ালা/আশ



