খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫
আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর ডিএমপির মুখপত্র ডিএমপি নিউজেও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা রাজধানী ঢাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়া ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিলেন।
ডিবির মিরপুর বিভাগ তিনজন, রমনা বিভাগ তিনজন, সাইবার সিকিউরিটি বিভাগ দুজন, মতিঝিল বিভাগ চারজন, ওয়ারী বিভাগ পাঁচজন, উত্তরা বিভাগ দুজন, তেজগাঁও বিভাগ দুজন, লালবাগ বিভাগ তিনজন ও গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রের বরাত দিয়ে ডিএমপি নিউজ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/টিএসএন