খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে যমুনা সেতুতে ১দিনে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।আজ বুধবার সকালে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২ পর্যন্ত) ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৫ হাজার ৩৫৪টি। টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে, যানবাহন চলাচলের সংখ্যা ততই বাড়ছে। ২৪ ঘণ্টায় ৫ হাজার যানবাহন বেশি পারাপার হয়েছে। যানবাহন আরও বাড়লে ১৮টি বুথ চালু রাখা হবে।
খবরওয়ালা/এফএস