খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ই সেপ্টেম্বর ২০২৫, ২:২৬ পিএম
যশোরের অভয়নগরে চুরির অভিযোগে নসিব তালুকদার (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নসিব তালুকদার বাগেরহাটের চিতলমারী উপজেলার চিতলমারী ইউনিয়নের সাবোখালী গ্রামের বাসিন্দা হামিদ তালুকদারের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, নসিব একজন অভ্যাসগত চোর ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মাছ চুরির অভিযোগ ছিল। ঘটনার দিন বৃহস্পতিবার ভোরে নলামারা বিলে মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘের থেকে মাছ চুরির সময় স্থানীয় জেলেরা ধাওয়া করলে তিনি পালিয়ে যান।
পরে সকালে বিদ্যালয় মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ছেলে বাপ্পি তালুকদার জানান, ‘আমার বাবা মাছের ব্যবসায়ী ছিলেন। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, ‘মৃত নসিব তালুকদারের বিরুদ্ধে মাছসহ বিভিন্ন জিনিস চুরির অভিযোগ ছিল। সম্ভবত মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করেই তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নসিব তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’
তিনি আরও জানান, ‘হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য