যাত্রীবেশে রিকশায় উঠে চালককে হত্যা করে দুই ছিনতাইকারী

ঢাকার কামরাঙ্গীরচরে ছিনতাইকারীদের হাতে ব্যাটারিচালিত অটোরিকশার চালক আকরাম হোসেন খুনের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জীবন (২১) ও মো. আশিক (২২)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আকরাম হোসেন ১১ সেপ্টেম্বর রাত তিনটার দিকে ব্যাটারিচালিত রিকশায় দুজন যাত্রীকে নিয়ে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে পৌঁছান। এ সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নেন এবং রিকশা ছিনতাই করার চেষ্টা করেন। আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করেন।

আকরামের চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন সন্ধ্যায় আকরাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় আকরামের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার পর কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সন্দেহভাজনদের চিহ্নিত করে অবস্থান শনাক্ত করা হয়।

মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনই হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।