যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে বেড়ে গেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই হামলার পরপরই রবিবার রাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তেলের ফিউচার মূল্য ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
রবিবারের লেনদেনে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৪৭ ডলারে পৌঁছায়। একই দিনে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের মূল্য ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৪ দশমিক ৫৯ ডলার।
তবে বাজারে এই মূল্যবৃদ্ধির বিপরীতে শেয়ারবাজারে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ডাও ফিউচারস সূচক কমেছে ২৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ। একইভাবে এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারস ও নাসডাক ফিউচারস সূচক যথাক্রমে শূন্য দশমিক ৬ ও ০.৭ শতাংশ হ্রাস পেয়েছে।
অন্যদিকে বৈশ্বিক অনিশ্চয়তা ও সংকটের প্রতিক্রিয়ায় নিরাপদ মুদ্রা হিসেবে পরিচিত মার্কিন ডলারের মান বেড়েছে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ পদক্ষেপ বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এর ফলে জ্বালানি খাতে সরবরাহ নিয়ে শঙ্কা ও বিনিয়োগ খাতে অনিশ্চয়তা আরও বেড়েছে।
খবরওয়ালা/এমএজেড



