খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এটি আমদানিকৃত গমের তৃতীয় চালান।
শনিবার (১৫ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে এই গম আমদানি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম ২৫ অক্টোবর এবং দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম ৩ নভেম্বর দেশে পৌঁছেছে।
চুক্তি অনুযায়ী ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষার পর দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরওয়ালা/এসএস