যেকারণে আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন হ্যারি ব্রুক

ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুককে আগামী দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী ২২ মার্চ পর্দা উঠবে আইপিএলের ১৮তম আসরের। 
কিন্তু আসর শুরুর ঠিক আগে হঠাৎ করে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিসিসিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, যে কোনো খেলোয়াড় নিলামে নাম নিবন্ধনের পর যদি তাকে কোনো দল কিনে নেয় এবং তারপর মৌসুম শুরুর আগে যদি তিনি নিজেকে প্রত্যাহার করে নেন, তবে তাকে দুই বছরের জন্য আইপিএল এবং আইপিএল নিলাম থেকে নিষিদ্ধ করা হবে।

একজন বিসিসিআই কর্মকর্তা এ নিয়ে বলেন, ব্রুক এবং ইসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, বোর্ডের নিয়ম মেনেই তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নীতি প্রত্যেক খেলোয়াড়ের জন্য সমান এবং সবাইকে এটি মেনে চলতে হবে।

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস ৬.২৫ কোটি রুপিতে হ্যারি ব্রুককে দলে নেয়। কিন্তু ২০২৫ আইপিএল মৌসুম শুরুর আগে তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন, কারণ তিনি ইংল্যান্ডের আসন্ন সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে চান।

ব্রুক এক বিবৃতিতে বলেন, আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি আইপিএল থেকে সরে দাঁড়ানোর। দিল্লি ক্যাপিটালস এবং তাদের সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

তিনি আরও যোগ করেন, এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময়, আর তাই আমি একটু বিশ্রাম নিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুতি নিতে চাই। আমি জানি, সবাই বিষয়টি বুঝবে না, তবে দেশের হয়ে খেলা আমার প্রধান লক্ষ্য এবং আমি সেটিতেই পুরোপুরি মনোযোগ দিতে চাই।

২০২৪ সালের আইপিএলেও ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করেছিলেন ব্রুক—তখন তার দাদির মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক করা ব্রুক এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৯০ রান করেছেন, যেখানে একটি দুর্দান্ত সেঞ্চুরিও রয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই মৌসুম আইপিএল খেলতে পারবেন না ব্রুক, যা তার ফ্র্যাঞ্চাইজি লিগ ক্যারিয়ারের জন্য বড় এক ধাক্কা!

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।